স্টাফ রিপোর্টার: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা অসুস্থ বিথী আক্তার ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তার পাশাপাশি বিথীর শিশুসন্তানের জন্য দুধ, ডায়াপারসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকায় বিথী আক্তারের শ্বশুরবাড়িতে গিয়ে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।
বিথী আক্তার (২৪) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদ্দীন মৃধাপাড়ার ছোরাপ মণ্ডলের মেয়ে। তিনি একজন ডিপ্লোমা নার্স।
পরিবারের অভিযোগ, গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিথীর সিজারিয়ান অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অসাবধানতায় তাঁর পেটের ভেতর গজ রেখে সেলাই করে দেওয়া হয়। পরবর্তীতে প্রায় দুই মাস পর পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে পুনরায় অস্ত্রোপচার করা হয়। পরিবারের দাবি, ততদিনে পেটের ভেতরের নাড়িতে পচন ধরায় বাইপাস সার্জারি করতে হয়েছে।
বর্তমানে গুরুতর অসুস্থ বিথী ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবার। পরিবারের দাবি, অসুস্থতার কারণে তাঁর ওজন ৬১ কেজি থেকে কমে ৩৯ কেজিতে নেমে এসেছে। শারীরিক অবস্থার কারণে তিনি নিজের শিশুসন্তানকে কোলে নেওয়া কিংবা নিয়মিত খাওয়াতেও পারছেন না।
এ অবস্থায় মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির জন্য দুধ, ডায়াপারসহ প্রয়োজনীয় সামগ্রী পরিবারের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
মুঠোফোনে বিথী আক্তার বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এখনো আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। চিকিৎসার খোঁজখবরও নেওয়া হচ্ছে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিথীর স্বামী রাকিবুল ইসলাম বলেন, আমার স্ত্রী বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন। সে মৃত্যুর সঙ্গে লড়ছে। চিকিৎসার সব নথিপত্র ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, উন্নত চিকিৎসার নিশ্চয়তা এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, আমরা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আজ তাঁর শ্বশুরবাড়িতে এসে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক বিষয়টি নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। বিথীর চিকিৎসায় যেন কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। তাঁর চিকিৎসার বিষয়টি উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারিতে রাখছে।