স্টাফ রিপোর্টার: নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে রাজবাড়ীর গোয়ালন্দে অতিরিক্ত ওজনবাহী ট্রাকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অতিরিক্ত ওজন পরিবহনের দায়ে পাঁচটি পরিবহনকে মোট ২৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ওজন স্কেলে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ওজনবাহী যান চলাচল রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত সীমার অতিরিক্ত ওজন বহনকারী পাঁচটি পরিবহন শনাক্ত করা হয়।
অতিরিক্ত ওজন পরিবহনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৯২ ধারায় পাঁচটি পরিবহনকে মোট ২৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ওজনবাহী যান চলাচল নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।