স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার উজানচর ইউনিয়নের ফৈজুদ্দিন মাতুব্বরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মোক্তার হোসেন মোল্লা (৩২) গোয়ালন্দ উপজেলার ফৈজুদ্দিন মাতুব্বরপাড়া এলাকার আরজান মোল্লার ছেলে। পুলিশ বলছে, মামলার তদন্তের ধারাবাহিকতায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় বাসটির মালিক এস এম সুলতান আহমেদ বাদী হয়ে ২০ সেপ্টেম্বর গোয়ালন্দঘাট থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মোক্তার হোসেনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।