স্টাফ রিপোর্টারঃ কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের বিরুদ্ধে দেশব্যাপী আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নির্দেশনায় সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক ও সাধারণ সম্পাদক প্যারিস হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সদর উপজেলা ছাত্রদলের সহসভাপতি পারভেজ শিকদার, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলো আগুন-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে তারা মনে করেন। তার দাবি, রাজবাড়ীর দৌলতদিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটছে।
তিনি বলেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজবাড়ী জেলা ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে। তারই প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে তারা রাজপথে ছিলেন, আছেন এবং থাকবেন।