স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বাসটির মালিক এস এম সুলতান আহমেদ বাদী হয়ে রোববার (২০ সেপ্টেম্বর) গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা নিউ ক্লাসিক্যাল নামের একটি লোকাল বাসে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুর ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, বাসটিতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।