রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌর জামতলা এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ১নং নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং খালেক শেখের ছেলে।
নিহতের বাবা খালেক শেখ জানান, তার ছেলে বারেক শেখ দুপুরে খাবার নিয়ে বাড়িতে এসে ঘরের ভেতর ফারুকের গলা ও হাত-পা কাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহতের ভাই বারেক শেখ জানান, তারা দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করেন। পালা করে একটানা চার দিন করে দোকানে দায়িত্ব পালন করেন। গতকাল তার দায়িত্ব শেষ হয়। শনিবার দুপুরে খাবার নিয়ে বাড়িতে এসে ঘরের ভেতর ভাইয়ের মরদেহ দেখতে পান। এ সময় তিনি ঘরে কাউকে দেখতে পাননি।
স্থানীয় জামতলা এলাকার হোটেল ব্যবসায়ী জীবন শেখ জানান, শনিবার সকাল ৭টার দিকে ফারুক তার দোকান থেকে নাস্তা করে বাড়ির দিকে চলে যান। এরপর তার বিষয়ে আর কিছু জানা ছিল না।
নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ফারুক শেখ একাধিকবার বিয়ে করেছিলেন। তার স্ত্রীদের কেউ বর্তমানে তার সঙ্গে থাকতেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি দল আসছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।