স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় গ্রীন মিশন এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজবাড়ী ডা. আবুল হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া। এ সময় তিনি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এ.বি.এম. মঞ্জুরুল আলম দুলাল এবং সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
কর্মসূচিতে রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও স্বেচ্ছাসেবক, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানানো হয়।