স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার ও অসাধু উপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পাঁচ পরীক্ষার্থীই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ছাত্রী ও চারজন ছাত্র রয়েছেন।
কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার ও অসাধু উপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় বিধি অনুযায়ী পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা চলাকালে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। কোনো পরীক্ষার্থী অসাধু উপায় অবলম্বন করলে বা পরীক্ষার নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।