স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও মাদক সংরক্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১ জুন) রাজবাড়ী জেলার পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের সার্বিক দিকনির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তারকৃত হলেন রাজবাড়ী সদর উপজেলার কাকিলাদাইর এলাকার ইমদাদুল (৩৫) এবং গঙ্গাপ্রসাদপুর এলাকার উজ্জ্বল তালুকদার (৪২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া সদর উপজেলার বিনোদপুর নতুনপাড়া এলাকার রুবেল শেখ (২৯)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই অভিযানে সদর উপজেলার কলেজপাড়া এলাকার মামুন (৪১)-কে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রাজবাড়ী জেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।