স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্যোগে প্রায় এক হাজার পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া এলাকায় আল তোরাপ জামে মসজিদ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্থানীয় উপকারভোগীদের মধ্যে ষাটোর্ধ্ব জমিলা খাতুন ও আমিনা জানান, প্রতিবছরই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের সহায়তা করা হয়। শুধু পোশাক নয়, ঈদ উপলক্ষে পোলাও, সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রীও প্রদান করা হয়। এছাড়া গ্রামের অসহায় মানুষের চিকিৎসা বা মেয়ের বিয়ের মতো প্রয়োজনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহায়তার হাত বাড়িয়ে দেন বলেও তারা উল্লেখ করেন।
এ সময় গোয়ালন্দ প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রায় ২০ জন সদস্যের মাঝেও লুঙ্গি ও পোশাক বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা জানান, প্রতি বছরই তারা এ ধরনের সহায়তা পেয়ে থাকেন এবং ঈদের সময় খাদ্য সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মোঃ সেলিম শেখ, প্রজেক্ট ম্যানেজার সুলতান মোল্লা, আল তোরাপ জামে মসজিদের সভাপতি সামসুল হক মাস্টার, সমাজসেবক সামাদ মোল্লা, আলাউদ্দিন খা প্রমুখ।
হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের চেয়ারম্যান হোসাইন শেখ বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানুষের প্রকৃত পরিচয় তার কাজের মধ্যেই প্রতিফলিত হয়। তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে বৈষম্য কমবে এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।