স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর জাহিদ ফকির (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিখন (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মধুখালী উপজেলার মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শিখন রাজবাড়ী জেলার লক্ষীকোল গ্রামের রাজ্জাকের ছেলে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর থানা এলাকায় কিশলয় স্কুলের সামনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাতুল (২৮) ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০, ঢাকার সহায়তা চান।
পরবর্তীতে র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মাঝকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে শিখনকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, এ মামলার প্রধান আসামি রাতুলকে এর আগেই গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।