স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জাহিদ হাসান ফকির (২৭) নামে এক তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর এলাকার একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে তারা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল ত্যাগ করে। আশপাশের লোকজন আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদ রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর এলাকার মাহতাব ফকিরের ছেলে। পরিবারের দাবি, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অন্যদিকে পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুল আজম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের ৬ থেকে ৭টি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।