স্টাফ রিপোর্টার :রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বিভিন্ন এলাকায় র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, প্রথম অভিযানে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কালুখালী উপজেলার বাস্তগোলা এলাকার মোঃ রফিক মন্ডলের ছেলে মোঃ সোহেল রানা (২২) কে একটি চোরাই সুজুকি জিক্সার (মনোক্রোম ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে পাংশা উপজেলার চরঝিকরীপুর পশ্চিমপাড়া এলাকার ছেকেন মন্ডলের ছেলে মোঃ সাদ্দাম মন্ডল (২৭) কে একটি চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও অভিযান চলাকালে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে একই এলাকা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (রেড) মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-১০ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।