স্টাফ রিপোর্টার”রাজবাড়ীতে সিমেন্টবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে নছিমনের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আলমাস শেখ (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামের ছাব্দুল খার পাড়ার করিম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়াগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক দুর্গাপুর ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটির এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে। এ সময় নাটোর থেকে গোয়ালন্দগামী যাত্রীবোঝাই একটি নছিমন ট্রাকটির নিচে চাপা পড়ে।
দুর্ঘটনায় নছিমনে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদের মধ্যে আলমাস শেখ ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাকের নিচে থাকা সিমেন্ট সরিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।