স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গণে এই উৎসবকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উৎসবে অংশ নেওয়া নারী উদ্যোক্তারা নিজের হাতে তৈরি গ্রামবাংলার নানান ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করেন। স্টলগুলোতে ছিল সেমাই পিঠা, মালপোয়া, তালের কুমড়া পিঠা, পাকান পিঠা, হালুয়া পিঠা, পান পিঠা, পাটিশাপটা, তালের বড়া, চমচম পিঠা, দুধ পুলি, দুধ চিতইসহ বিভিন্ন স্বাদের পিঠা। সকাল থেকেই এসব স্টলে পিঠাপ্রেমীদের ভিড় দেখা যায়। পাশাপাশি ঘি, পায়েশ ও হস্তশিল্প প্রদর্শনীও দর্শনার্থীদের আকর্ষণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন বলেন, এ ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। তাদের তৈরি পণ্যের প্রচার বাড়লে আরও অনেক নারী উদ্যোক্তা হওয়ার উৎসাহ পাবেন।
ইউএনও সাথী দাস বলেন, তারুণ্যের শক্তিই দেশের অগ্রগতির প্রধান চালিকা শক্তি। নারীরা এখন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। পিঠা উৎসব শুধু বিনোদন নয় এটি নারীদের সৃজনশীলতা, দক্ষতা ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার সুযোগ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শীতের নানা স্বাদের পিঠা আস্বাদন করেন।