স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ওসমান কাজী (৩৬) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ অভিযান চালিয়ে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গোয়ালন্দঘাট থানার জিআর মামলা নং–৩৮০/১৮, ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)-এর টেবিল ৯(ক) অনুযায়ী ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ওসমান কাজী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তিনি উত্তর দৌলতদিয়া এলাকার মৃত উম্বার কাজীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান কাজী স্বীকার করেন যে, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিলেন। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।