স্টাফ রিপোর্টার,
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় এক মণ ইলিশ মাছ।
বুধবার (১৫ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব–উল হক জানান, ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে।
তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ৭৬ জন জেলেকে জেল জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৮ লাখ ৯৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।