স্টাফ রিপোর্টার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মরা পদ্মা নদীতে কয়েকদিন যাবৎ অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মরা পদ্মা নদীর বিভিন্ন স্থানে কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত ড্রেজিং মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন বিষয়টি জানতে পারে। পরে ইঞ্জিন চালিত ট্রলারযোগে নদীতে প্রবেশ করে অভিযান চালানো হয়। এ সময় ৫টি বড় ড্রেজিং মেশিন ও প্রায় ১০০ ফুট দীর্ঘ পাইপ ভেঙে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী ইউএনও মোঃ নাহিদুর রহমান জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে মরা পদ্মা থেকে বালু উত্তোলনের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত, তাদের সতর্ক করা হয়েছে, যেন কোনো নদী বা পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া বালু বা মাটি উত্তোলন না করে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।