রাজু আহমেদ, রাজবাড়ী রাজবাড়ীর কালুখালী উপজেলার মালিয়াট গ্রামে সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ঘটে যায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। স্থানীয় আবুল শেখের বসতবাড়িসহ মোট তিনটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এ সময় আগুনে পুড়ে মারা যায় একটি গরু।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তারা দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সবকিছু শেষ হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, আগুনে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ধান-চাল, গৃহস্থালির মালামালসহ একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা কাঁদতে কাঁদতে বলেন,আমরা গরিব মানুষ, একটামাত্র গরু ছিল, সেটাও চলে গেল। এখন কিভাবে আবার গরু-বাছুর কিনব? সবকিছু শেষ হয়ে গেল।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।