স্টাফ রিপোর্টারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী আবদুল ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচারণায় তৎকালীন গোয়ালন্দ মহকুমার (বর্তমান রাজবাড়ী জেলা) জৌকুড়া গ্রামে যান এবং বাইসাইকেলে চড়ে প্রচারণার কার্যক্রম পরিচালনা করেন। সেই প্রচারণাকে স্মরণ করতে মুজিব বর্ষে রাজবাড়ীতে বাইসাইকেল র্যালির আয়োজন করে রাজবাড়ী জেলা প্রশাসন।
আজ শনিবার সকালে রাজবাড়ীর শ্রীপুর বাস টার্মিনালে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উক্ত বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ওয়াজেদ চৌধুরীর কন্যা সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মাহবুর রহমান শেখ, প্রচারণায় অংশগ্রহণকারী ব্যক্তি মো. শওকত আলী মোল্ল্যা, রাজবাড়ী সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিলসহ প্রমুখ।
বর্ণাঢ্য এ বাইসাইকেল র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে বীরমুক্তিযোদ্ধাগণ, সংস্কৃতিকর্মী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল (শ্রীপুর) হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে সমাপ্ত হয়।