আজ (৭ আগস্ট ) থেকে সারাদেশে পরীক্ষামূলক গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার ৪২ টি ইউনিয়ন, রাজবাড়ী পৌরসভার ৯ টি ওয়ার্ড এবং পাংশা পৌরসভার ১ টি ওয়ার্ড সহ মোট ৫৪ টি কেন্দ্রে এই গণটিকাদান কর্মসূচি চলছে।রাজবাড়ীতে ২৭ হাজার ২০০ চীনা থেকে আগত সিনোফার্মা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এরই মধ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসমত আরা (৩১) নামে এক নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা দেয়া হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে টিকা গ্রহিতা ইসমত আরার সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি না হলেও তার স্বামী নাহিদুল হক স্বপন জানান, পাটকিয়া বাড়ী দাখিল মাদরাসা টিকা কেন্দ্রে কোনো শৃঙ্খলা নেই।গাদাগাদি করে অনেকে লাইনে দাড়াচ্ছে। মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। এক সঙ্গে অনেককে বসিয়ে টিকা দেয়া হচ্ছে। সকালে যখন তার স্ত্রী টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। টিকা দেয়া শেষে তার স্ত্রী টিকা দেবার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেন। এখন তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তায় রয়েছেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, ভুলবসত এক মহিলাকে দুই ডোজ টিকা দেয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনার পর থেকে ওই মহিলার স্বাস্থ্যগত খোঁজ রাখা হচ্ছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন। টিকা গ্রহীতার চাপ বেশি থাকার কারণে এটা হয়েছে।
এই খবরে জেলার সিভিল সার্জন ডা: মো: ইব্রাহিম টিটন সেই মহিলার বাসায় গিয়ে তার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গেছে। তবে,এ বিষয়ে সিভিল সার্জনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।