স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪২) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সাইফুল ইসলাম এরশাদ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইজন অপ্রাপ্তবয়স্ক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি থেকে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আইসিইউ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
এরশাদের মামা আ. রাজ্জাক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে এরশাদের স্ত্রী ঢাকায় অবস্থানরত অবস্থায় ফোন করে পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানান। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে জানাজার সময় ও দাফনের স্থান এখনও চূড়ান্ত করা হয়নি।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই রাত থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়।
চিকিৎসক সূত্রে জানা গেছে, কিডনি রোগের পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং তার ফুসফুসে পানি জমে গিয়েছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।