স্টাফ রিপোর্টার”
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান বদলির আদেশ পাওয়ার পরও আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করছেন। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে পদায়ন করা হয়। নির্দেশনা অনুযায়ী, ২১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে সেদিন অপরাহ্ণ থেকে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (Stand Released) গণ্য হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও নাহিদুর রহমান এখনো গোয়ালন্দেই ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে স্থানীয় মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি চাকরিবিধি অনুযায়ী, বদলির আদেশ কার্যকর হওয়ার পর নির্ধারিত সময়ে যোগদান না করলে কর্মকর্তা আগের পদ থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হন। কিন্তু নাহিদুর রহমান কেন এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি, তা স্পষ্ট নয়। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, আপাতত গোয়ালন্দে নতুন কোনো নির্বাহী কর্মকর্তা না আসায় মৌখিকভাবে নাহিদুর রহমানকেই দায়িত্বে রাখা হয়েছে। নতুন ইউএনও যোগদান করলে তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগ দেবেন। লিখিত কোনো প্রজ্ঞাপন আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মৌখিকভাবেই তাঁকে দায়িত্বে রাখা হয়েছে।