স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর রাজবাড়ী জেলায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৬৫টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার জেলা ইউনিট সদস্য খোন্দকার মনির আযম মুন্নু এবং বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল হাই জোয়ার্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুর জেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তালিকা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে এসব খেজুর বিতরণ করা হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগী প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পায়।
তিনি আরও বলেন, রমজান মাসে এসব খেজুর মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারে সহায়ক হবে। পাশাপাশি এর মাধ্যমে সৌদি আরবের জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
জানা গেছে, সৌদি আরব থেকে রাজবাড়ী জেলায় মোট ১১০ কার্টন খেজুর উপহার হিসেবে এসেছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩৬ কার্টন, পাংশা উপজেলায় ২৬ কার্টন, বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন, কালুখালী উপজেলায় ১৮ কার্টন এবং গোয়ালন্দ উপজেলায় ১১ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।