স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নিহত হয়েছেন কৃষক আতর আলী শেখ (৪২)। বাবাকে হারানোর গভীর শোক বুকে নিয়েই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমেছে তার তিন সন্তান ১৫ মাসের তায়েবা, ১৪ বছরের তামিম ও ১৪ বছরের মীম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেয় তারা। এ সময় শতাধিক মানুষ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে নিহত আতর আলীর স্ত্রী মর্জিনা বেগমের স্বজনরা বক্তব্য রাখেন। এছাড়া সংগঠনের জেলা শাখার সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক চুন্নু মোল্লাও বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, আতর আলী শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিহতের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে আতর আলীর মেয়ে মীম বলে,
সবার বাবা আছে, আমার বাবা নেই। আমাদের এতিম করে দিয়ে গেছে। আমি বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। যারা আমাদের এতিম বানিয়েছে, তাদেরও কঠোর শাস্তি হোক।
জানা যায়, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একটি দল লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আতর আলীর পরিবারের ওপর হামলা চালায়। হামলাকারীরা একটি টিনের ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং পরিবারের সদস্যদের মারধর করে।
এ ঘটনায় আতর আলীসহ অন্তত ১৬ জন আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় আতর আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের বড় ভাই রজব শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহত আতর আলী শেখ রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ার বাসিন্দা আইনুদ্দিন শেখের ছেলে।