বালিয়াকান্দি পুরুষ ও সদর নারী দল অপরাজিত চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার: খেলাধুলায় সম্পৃক্ততা, অপরাধ থেকে দূরে থাকা এই প্রত্যয়কে সামনে রেখে রাজবাড়ীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজবাড়ী জেলা পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানার অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়রা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন। এ সময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে।
পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধের কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সবল, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার বিভিন্ন থানার চারটি পুরুষ দল ও তিনটি নারী দল অংশ নেয়। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিযোগিতার পুরুষ বিভাগে বালিয়াকান্দি থানা দল এবং নারী বিভাগে রাজবাড়ী সদর থানা দল নিজ নিজ বিভাগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, পুরুষ বিভাগে রাজবাড়ী সদর থানা দল এবং নারী বিভাগে গোয়ালন্দঘাট থানা দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।