স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীতে ধর্ষণ মামলার পর শান্তি বেগম (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রী চর চাঁদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার মা ডালিম (৬৩) একই গ্রামের আজাদ শেখ (৫৫)-এর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানায় এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে শান্তি বেগমকে আজাদ শেখ ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন তার মা ডালিম। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ফরিদপুরে তদন্তাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ডালিমের অভিযোগ, আদালতে মামলা দায়েরের পর থেকেই আজাদ শেখ তাকে ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন।
এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শান্তি বেগম বাড়ি থেকে পাশের একটি দোকানে কেনাকাটা করতে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
নিখোঁজ শান্তি বেগমের মা অভিযোগে আশঙ্কা প্রকাশ করে বলেন, আগের মামলার আসামি আজাদ শেখ তার মেয়ের যেকোনো ধরনের ক্ষতি করতে পারেন। এ কারণে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, নিখোঁজ নারীর সন্ধান ও অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।