স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সাইনবোর্ড ও লোহার গেটে আগুন দিয়ে ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ উঠেছে। তবে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারেনি দুর্বৃত্তরা বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল এ ঘটনার জন্য পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে দায়ী করেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল বলেন, গভীর রাতে জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে কার্যালয়ের বাইরের সাইনবোর্ড ও লোহার গেটের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারেনি। তাদের উদ্দেশ্য ছিল বিএনপি কার্যালয়টি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া।
তিনি আরও বলেন, এ ঘটনা বিএনপির অস্তিত্বের ওপর আঘাতের শামিল। জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার আতর আলী বলেন, গত রাতে রাত ১টা পর্যন্ত কার্যালয় পাহারা দিয়ে আমি বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি, কার্যালয়ের সামনের গেটে আগুন দেওয়া হয়েছে। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশের একাধিক দল এ ঘটনায় কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।