নৌপথে ঘন কুয়াশায় সাড়ে ৩ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিচলাচল শুরু
জহুরুল ইসলাম হালিম// ঘন কুয়াশায় দেশের দক্ষিন পশ্চিমাঞ্চালের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। সাড়ে ৩ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা ছিল পণ্য ও যাত্রীবাহী যানবাহন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর থেকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এ পরিস্থিতিতে ভোর সাড়ে ৬টার দিকে বিআইডব্লিটিসি কতৃপক্ষ যে কোন ধরনের দূর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষনা করে। সকাল ১০ টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে ফের ফেরি চলাচল শুরু হয়। গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল সাড়ে ৩ ঘন্টা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যাত্রী ও পরিবহন চালকরা।
এদিকে ঘাটে কুয়াশায় ফেরী চলাচল বন্ধ থাকায় জীবনের ঝুকি নিয়ে ট্রলার যোগে যাত্রী পার হতে দেখা গেছে।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া সহকারীঘাট ব্যাবস্থাপক মাহবুব সরদার ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল ভোর সাড়ে ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। এই নৌপথে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। দূর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হবে বলে জানান তিনি।