স্টাফ রিপোর্টার: নাব্যতা সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নিরাপদে ফেরি ভেড়ানো সম্ভব না হওয়ায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে।
এতে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়ে গিয়ে মহাসড়কে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকেরা।
৭ নম্বর ফেরিঘাট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন।
ঘাটটি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন অংশে পণ্যবাহী ট্রাক, বাস, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনের সারি দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় চালক ও যাত্রীদের মধ্যে ভোগান্তি বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া প্রান্তে কাগজে-কলমে সাতটি ফেরিঘাট থাকলেও বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাট সচল রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৮টি ফেরির বহর থাকলেও বর্তমানে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বলেন, নাব্যতা সংকটের কারণে শুক্রবার ভোর থেকে ৭ নম্বর ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটটি পুনরায় চালুর ব্যবস্থা নিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে নৌপথে ১২টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাছান আহমেদ বলেন, নাব্যতা সংকটের কারণে ৭ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ঘাটটি সচল করতে ড্রেজিংয়ের পরিকল্পনা রয়েছে।
তবে ড্রেজিং করা হলে নদীভাঙনের আশঙ্কার বিষয়টি স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দৌলতদিয়া-পাটুরিয়া দেশের অন্যতম ব্যস্ত নৌপথ। এই নৌপথের একটি ঘাট বন্ধ থাকায় বর্তমানে অন্য ঘাটগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়েছে। দ্রুত ৭ নম্বর ঘাটটি চালু করা না গেলে যানবাহনের সারি আরও দীর্ঘ হওয়ার পাশাপাশি যাত্রী ও চালকদের দুর্ভোগ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।