স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, আগুনে পুড়ে যাওয়া বাসটির নাম নিউ ক্লাসিক্যাল। এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১টার দিকে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। টার্মিনালের পাশেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় বাসটির ভেতরে কেউ ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনের সূত্রপাতের কারণ এবং ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।