স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া চার নম্বর ফেরিঘাটে ‘শাহ মখদুম’ নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা বাস ও ট্রাক দ্রুত পল্টনে নামিয়ে ফেলা হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ঘটনাটিকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চার নম্বর ফেরিঘাটে নোঙর করা শাহ মখদুম ফেরিতে এসবি ও পূর্বাশা পরিবহনের বাসসহ কয়েকটি ট্রাক ওঠার পর হঠাৎ ফেরির ইঞ্জিনের সাইলেন্সর পাইপের ভেতর থেকে আগুন বের হতে দেখা যায়। শুরুতে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘ সময় ধরে আগুন ও ধোঁয়া বের হতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ফেরিতে থাকা যানবাহনগুলো পল্টনে সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসাত খান বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ফেরিতে ময়লা পরিষ্কার করার সময় ইঞ্জিনের সাইলেন্সর দিয়ে ধোঁয়ার সঙ্গে আগুন বের হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।