স্টাফ রিপোর্টার।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর–গোয়ালন্দ) নির্বাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের পক্ষে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দৌলতদিয়া স্টেশন শহীদ মিনার থেকে গণমিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে দৌলতদিয়া টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদনান নুর ইসলাম। উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান হোসেন লিখন, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতা মামুন শেখ এবং জেলা ছাত্রদলের সদস্য ফিডেল চৌধুরী।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে ছাত্রদলসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, নির্বাচিত হলে তিনি পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজসহ এ জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
পাশাপাশি দৌলতদিয়া ও রাজবাড়ী সদর এলাকায় নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ও শিক্ষার প্রসারে উদ্যোগ নেবেন।
বক্তারা আরও উল্লেখ করেন, এর আগেও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংসদ সদস্য থাকাকালে এলাকায় স্কুল, কলেজ ও যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি যুবায়ের হোসেন আবীর, উপজেলা ছাত্রদলের নেতা সাফায়াত মারুফ, মো. সোলেমান ব্যাপারী, মোল্লা আল আমিন, দীপরাজ, মঞ্জু, ইয়াসিনসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।