স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ ২জন তরুণকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বুধবার (০১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত তরুণ হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোঃ রফিক শেখের ছেলে মোঃ রাসেল শেখ (২১) ও ফরিদপুর কোতোয়ালি থানার রঘুনন্দপুর গ্রামের মোঃ ওমর শেখের ছেলে মোঃ আশিক শেখ (২২)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া চারটার টার দিকে অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া ২নম্বর ফেরীঘাট সংলগ্ন জাকের পার্টির অফিসের পিছনে বাগানের মধ্য থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি ধারালো চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লোহার তৈরী চাকু ও একটি লোহার পাইপ জব্দ করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে এ দুজন তরুণকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরূদ্ধে মামলা দায়ের করে বুধবার দুপুরের রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।