গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২
ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ
/ ৩৬৯
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
সোমবার, ১৫ আগস্ট, ২০২২
0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
রোববার (১৪ আগষ্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের পাশে কবরস্থানের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়ার মাদার কাজীর ছেলে নুরু কাজী (২৫), ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারি এলাকার মো. সানোয়ার বেপারীর ছেলে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২২)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া মজিদ শেখের পাড়া সাকিনস্থ লঞ্চ ঘাটের পাশে কবরস্থানের সামনে ফাঁকা জায়গা থেকে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করাকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লম্বা লোহার হাতল যুক্ত চাইনিজ কুড়াল, একটি লোহার হাতুরী, একটি লোহার ধারালো ছোরা জব্দ করা হয়। নুরু কাজীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের দুজনকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরূদ্ধে মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।