শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দ বাজারে ভয়াবহ আগুন,এক রাতেই নিঃস্ব তিন ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার / ২৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার“রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ক্রোকারিজ দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অন্তত দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ পান বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ কেউ নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মো. খোকন মন্ডলের ক্রোকারিজ দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত তাদের দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে রাজবাড়ী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ছিটানো পানিতে পাশের চাউল বাজারের বিভিন্ন আড়তের শত শত বস্তা চাল ভিজে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন চাল ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. খোকন মন্ডল জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরে খবর পেয়ে বাজারে এসে নিজের দোকান পুড়ে যেতে দেখেন। তার দাবি, দোকানে থাকা নগদ প্রায় ৫০ লাখ টাকা, ৪৫-৫০ লাখ টাকার মালামাল ও ১৩-১৪ ভরি স্বর্ণালংকারসহ অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, “আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ নিঃস্ব।
অন্য ব্যবসায়ী মো. লুৎফর রহমান জানান, তার দোকানে থাকা দুই থেকে তিন লাখ টাকার ক্রোকারিজ মালামাল, নগদ দুই লাখ টাকা এবং দেড় শতাধিক জমির দলিল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি ক্রোকারিজ ব্যবসার পাশাপাশি জমির মহুরির কাজ করতেন।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. হারুন অর রশিদ জানান, তার দোকানে থাকা নগদ প্রায় তিন লাখ টাকা ও ১৫ লাখ টাকার বেশি মূল্যের মালামাল আগুনে পুড়ে গেছে।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে এবং তিনজন ব্যবসায়ী সর্বস্বান্ত হয়েছেন। তিনি আরও বলেন, বাজারের আশপাশে কোনো পুকুর বা জলাশয় না থাকায় ফায়ার সার্ভিসকে পানির সংকটে পড়তে হয়। গোয়ালন্দ পৌরসভার পক্ষ থেকে বাজার এলাকায় স্থায়ী পানির রিজার্ভ বা ট্যাংকের ব্যবস্থা থাকলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা মোকাবিলা সহজ হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। বাজারে পানির কোনো স্থায়ী উৎস না থাকায় কাজ করতে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার চেষ্টা করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg