স্টাফ রিপোর্টারঃ
গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সমন্বয় জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দৌলতদিয়া ফেরিঘাট-এর সুষ্ঠু ব্যবস্থাপনা, ঘাট এলাকায় নিরাপত্তা বৃদ্ধি, অবৈধ বালু মহলের কারণে জানমালের ঝুঁকি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানবপাচার রোধ, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ ড্রেজিং ও বালু-মাটি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মহাসড়কে মাটি পরিবহন নিয়ন্ত্রণ এবং সড়কের পাশে অবৈধ ময়লার ভাগাড় অপসারণের বিষয়েও আলোচনা হয়।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনকে এসব বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত প্রতিনিধি মো. নজির হোসেন মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।