স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি হবি সরদার (৫৫)কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার হবি সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদার পাড়ার মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগ, গত শুক্রবার শিশুটি পাশের বাড়িতে খেলতে যায়। এ সময় হবি সরদার শিশুটিকে ডেকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। তখন হবি সরদার শিশুটি ঘরের ভেতরে নেই বলে দাবি করেন।
পরিবারের সদস্যরা দরজায় বারবার আঘাত করলে তিনি দরজা খুলে দেন। পরে অন্য শিশুরা ঘরের চৌকির নিচে ভুক্তভোগী শিশুটিকে খুঁজে পায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
পরিবারের দাবি, উদ্ধারের পর শিশুটিকে ভীত ও কাঁপতে দেখা যায় এবং সে তাৎক্ষণিকভাবে কোনো কথা বলতে পারছিল না। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিষয়ে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে হবি সরদারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।