স্টাফ রিপোর্টারঃ
গোয়ালন্দ উপজেলা, রাজবাড়ী জেলা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সবার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), থানা পুলিশ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার মর্যাদা ও ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রথম সংগ্রাম, যার ধারাবাহিকতায় স্বাধীনতার পথ সুগম হয়েছে। তিনি শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা চর্চা ও দেশের ইতিহাস সম্পর্কে জানার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মুমিনুল ইসলাম, ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ফয়সল জাহাঙ্গীর স্বপ্নীল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।