স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়ন ভূমি অফিসে জানালার গ্রিল কেটে চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অফিসের রেকর্ডরুমসহ বিভিন্ন কক্ষ তছনছ করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রোববার (১২ এপ্রিল) সকাল ৬টার মধ্যে, অফিস বন্ধ থাকার সুযোগে এ ঘটনা ঘটে। গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ সংলগ্ন উজানচর ইউনিয়ন ভূমি অফিসের পেছনের দুটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।
সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আনছার আলী জানান, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী অফিস বন্ধ করে চলে যান। রোববার সকাল ৯টার দিকে অফিসের পিয়ন প্রধান ফটকের তালা খুলে ভেতরে প্রবেশ করতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে বিষয়টি কর্মকর্তাদের জানানো হলে তারা এসে পেছনের জানালার গ্রিল কাটা, আলমারি ও কেবিনেট ভাঙা এবং ফাইলপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
তিনি আরও জানান, রেকর্ডরুমের বড় তালাসহ মোট ১৪টি তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। লকার ভেঙে ভেতরের কাগজপত্র তছনছ করা হয়েছে। অফিসে থাকা প্রায় ১৬০টি নথিপত্র বই যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সব নথি পরীক্ষা শেষে গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র খোয়া গেছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, অফিসের কোনো কম্পিউটার বা ল্যাপটপ চুরি যায়নি। গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোর প্রতিটি পাতা যাচাই করা হচ্ছে। সব কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কর্তৃপক্ষ যাচাই শেষে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।