স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১৪শ ছাত্র জনতাকে হত্যা করেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি, তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাইস্কুল মাঠে উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খৈয়ম বলেন, গত ১৭ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে গুম, হত্যা ও দমন নিপীড়ন। পাশাপাশি স্বৈরাচারী সরকার বিদেশে শত শত কোটি টাকা পাচার করে দেশকে নিঃস্ব করেছে।
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে নদী শাসন, কৃষি সেচ ও বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে। একইসঙ্গে রাজবাড়ীকে একটি আধুনিক জেলায় রূপান্তরিত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আলম বকুল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, জেলা জাসাসের সদস্য সচিব মিজানুর রহমান পলাশ এছাড়াও উপজেলা ও পৌর নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মৃধা ও সাংগঠনিক সম্পাদক মো. চুন্নু মীর মালত।