স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দে আট বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আটক ব্যক্তির নাম মো. মমিন মল্লিক। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, তার মেয়ে মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী। কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি কাজের জন্য বাইরে গেলে দুই মেয়ে বাড়িতেই থাকে। অভিযোগ, গত মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী মমিন মল্লিক তাকে ফুঁসিয়ে ঘরে নিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে আসে। তার বড় বোন পরনের কাপড়ে রক্তের দাগ দেখে বিষয়টি সন্দেহ করে। পরে শিশুটি বাবাকে জানিয়েছে, হামলাকারী মমিন মল্লিক।
শিশুটির বাবা আরও জানান, সামাজিক লজ্জার কারণে প্রথমে বিষয়টি প্রকাশ করা হয়নি। তবে পরদিন শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পুলিশকে জানানো হয়।
ছোটভাকলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, একজন প্রতিবন্ধী শিশুর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে এবং শিশুকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সহায়তার জন্য রাজবাড়ীর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। তদন্ত অব্যাহত রয়েছে।