রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।
তিনি বলেন, যার যে দায়িত্ব, তা সঠিকভাবে পালন করতে হবে এবং অন্যায়কে প্রতিহত করা একজন সুশীল নাগরিকের দায়িত্ব। তিনি নদীভাঙনকে উপজেলার অন্যতম বড় সমস্যা উল্লেখ করে বলেন, এটি প্রাকৃতিক হলেও প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর যেমন বিআইডব্লিউটি, পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, অপরাধী আমাদের অংশ নয়। তবে কেউ সংশোধন হয়ে ফিরে এলে তাকে পুনর্বাসনের সুযোগ দিতে হবে। কিন্তু কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান কেউ যেন অপরাধের পৃষ্ঠপোষক না হন।
তিনি আরও বলেন, আমরা সবাই মিলে অপরাধ দমনে কাজ করবো। এটি আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো এবং এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুন জামান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা এবং ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার কর্মরত সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে উপস্থিত সকলেই জেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।