স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহা বেপারী পাড়া এলাকায় একটি ধানক্ষেত থেকে রবি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম রবি। তবে তার পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে জন্মগ্রহণ করেছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে ধানক্ষেতে পানি সেচের মোটরের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
কয়েকটি হেডলাইন করে দাও