স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ত্রিপল না ঢেকে খোলা অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে বালু পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া ও জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি ড্রাম ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ত্রিপল ছাড়াই খোলা অবস্থায় বালু পরিবহন করা হচ্ছে। এতে চলন্ত যানবাহন থেকে বালু উড়ে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের চোখ-মুখে পড়ছে। ফলে একদিকে যেমন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, অন্যদিকে সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। পাশাপাশি সড়কের পরিবেশ ও পরিচ্ছন্নতা নষ্ট হচ্ছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের দল সংশ্লিষ্ট যানবাহনগুলো থামিয়ে চালকদের সতর্ক করে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান বলেন, জনস্বার্থ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বালু পরিবহন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নির্ধারিত নিয়ম মেনে ত্রিপল দিয়ে বালু ঢেকে পরিবহন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।