স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৩ মাস ব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা।
এরপরে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
অভিযানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
বক্তারা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ কাজে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্পৃক্ত হতে হবে। নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর কার্যক্রম ৩ মাসব্যাপী চলবে। এ সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সাথে মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হবে।
কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেয়া হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) হুমায়ুন রেজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি বুলবুলি আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাইদ মন্ডল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।