স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত ওজনবাহী ট্রাক ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অতিরিক্ত ওজন বহনের দায়ে চারটি পরিবহনকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার ভূমি অফিস সংলগ্ন বিআইডব্লিউটিএর ওজন স্কেলে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অতিরিক্ত ওজন নিয়ে চলাচলকারী যানবাহন শনাক্ত করা হয়।
অভিযানে চারটি পরিবহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৯২ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। তাদের প্রত্যেককে নির্ধারিত অর্থদণ্ডসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ওজনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।