স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া পুরা ভিটা পতিতা পল্লীতে অসুস্থ হয়ে রাসেল ওরফে রাশেদ শেখ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত রাসেল শেখ রাজবাড়ীর কালুখালী থানার ঝাউগ্রাম গ্রামের মৃত বেলায়েত আলী শেখের ছেলে। তিনি প্রায় এক বছর ধরে দৌলতদিয়া পুরা ভিটা এলাকায় রিপন ফকিরের বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে মুদি দোকান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর প্রায় ২টার দিকে (১৪:০০) রাসেল হঠাৎ তীব্র বুকের ব্যথা অনুভব করে জ্ঞান হারিয়ে পড়ে যান। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)(তদন্ত) মো. রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে এসআই মোঃ সেলিম মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ হেফাজতে নেন। পরে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।