স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির নতুন একটি এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতের নাগালে ব্যাংকিং সেবা পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ বাজারসংলগ্ন মহর মোল্লা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন রেজা, ইউসিবি ব্যাংকের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মো. লিয়াকত আলী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজীর হোসেন মোল্লা, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াহিয়া, ইউসিবি ব্যাংকের ফরিদপুর জেলার ম্যানেজার মো. সাইফুল ইসলাম, রাজবাড়ী ইউসিবি ব্যাংকের ম্যানেজার সুব্রত পালসহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল হুদা বলেন, আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের এজেন্ট শাখা চালু হওয়ায় স্থানীয় মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, গোয়ালন্দ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে নতুন ব্যাংকিং সেবা চালু হওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। তিনি গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার আহ্বান জানান।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা ব্যাংক হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্সসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে ব্যাংকিং সেবার বাইরে থাকা দূরবর্তী এলাকার মানুষকেও আর্থিক সেবার আওতায় আনা সহজ হবে।
অনুষ্ঠানের শেষে অতিথিরা ফিতা কেটে ও কেক কেটে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।