স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীতে ইসলামি ব্যাংকের শাখা থেকে গ্রাহকদের টাকা চুরির দায়ে ৬ নারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার(৮ সেপ্টেম্বর) দুপুরে ইসলামি ব্যাংকের প্রধান শাখা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদাত হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, পাংশার বাবুল শেখের স্ত্রী শান্তা বেগম (৩২), আনিছ মোল্লার স্ত্রী আদুরি বেগম (১৯)চুয়াডাঙ্গার কালুমিয়ার স্ত্রী সাফুরা বেগম(৫০),নাটোর সদরের নাজমুল শেখের স্ত্রী খাদিজা বেগম(২০), একই এলাকার ইউনুস মোল্লার স্ত্রী নাসিমা বেগম(৪৫) এবং ঝিনাইদহের মন্টু মোল্লার স্ত্রী সুমি বেগম(২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট (রোববার) কালুখালি উপজেলার গোয়ালপাড়া গ্রামের নাজমুল হাসনের স্ত্রী হেলেনা পারভীন ব্যাংকে টাকা রাখতে আসলে সংঘবদ্ধ চোর চক্রের খপ্পরে পড়ে তার ৫০ হাজার টাকা চুরি হয়, এছাড়াও গত ৬ সেপ্টেম্বর(সোমবার) রাজবাড়ী সদর উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামের জাহেদা বেগম নামের আরেক গ্রাহক ব্যাংকে টাকা রাখতে আসলে একটি সংঘবদ্ধ চোর চক্র তাকে ঘিরে ফেলে কৌশলে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪৫ হাজার টাকা চুরি করে। বিষয়টি পরে জানাজানি হলে ব্যাংক কতৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে (৮ সেপ্টেম্বর) দুপুরে ৬ নারীকে সন্দেহজনক ভাবে ব্যাংকের মধ্যে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করা হয়। পরবর্তীতে থানা পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।প্রাথমিক ভাবে তারা টাকা চুরির বিষয়টি স্বীকার করে নিয়েছে তারা।
রাজবাড়ী ইসলামি ব্যাংক শাখার ব্যবস্থাপক(ম্যানেজার) ফারুক হোসেন বলেন,টাকা চুরি হবার পর থেকেই আমারা প্রতিদিন সিসিটিভিতে ব্যাংকে আসা ব্যক্তিদের গতিবিধি লক্ষ করতাম। আজ সকালে ৬ নারীকে সন্দেহজনক মনে হলে তাদেরকে আমরা আটকে রেখে পুলিশকে খবর দেই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, এরা একটি সংঘবদ্ধ চোর চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা টাকা চুরির বিষয়টি স্বীকার করে নিয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোটে চালান দেওয়া হয়েছে।